জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উভয় পক্ষের ১১ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শাহবাজপুর ইউনিয়নের দেউড়া গ্রামে কালার গোষ্ঠী ও ধন মিয়ার গোষ্ঠীর মধ্যে এই সংঘাত শুরু হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে কালার গোষ্ঠীর মাসুক মিয়া (৪০) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুমার নামাজের পর পুনরায় সংঘর্ষের আশঙ্কায় সরাইল আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মারুফের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ধন মিয়ার গোষ্ঠীর ৪ জন এবং কালার গোষ্ঠীর ৭ জন নারীকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটাসহ গ্রেপ্তার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া জানান, গ্রেপ্তারকৃত নারীদের মধ্যে রয়েছেন নাসিমা আক্তার, আরিদা আক্তার পাখি, শারমিন আক্তার, শাহজাদি বেগম, চাদনী, রীনা বেগম, শিউলি আক্তার, হেনা আক্তার, জোসনা বেগম, সমরাজ বেগম ও ছাবিকুন্নাহার। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে দেউড়া গ্রামে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।