নির্বাচনী প্রচারণার মাঠেই দীর্ঘদিনের মিত্র বিএনপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর বরগুনা-২ আসনের প্রার্থী ডা. সুলতান আহমদ। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে পাথরঘাটার মানিকখালী বাজারে এক জনসভায় তিনি দাবি করেন, “বিএনপিতে যত রাজাকার ও পাকিস্তানপন্থী লোক আছে, জামায়াতে ইসলামীতে তার ১০ ভাগের ১ ভাগও নেই।”
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে জামায়াত নেতা ডা. সুলতান বলেন, সিলেটে তারেক রহমানের দেওয়া বক্তব্যটি ছিল ‘একান্ত ভুল’। জামায়াতের অতীত নিয়ে তারেক রহমানের করা মন্তব্যের জবাবে তিনি বলেন, “জিয়াউর রহমানের ছেলেকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তিনি ভুল কথা বলছেন। তাদের দলেই পাকিস্তানপন্থীদের সংখ্যা সবচেয়ে বেশি।”
পুরোনো সম্পর্কের স্মৃতিচারণ করে ডা. সুলতান দাবি করেন, এক সময় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকও তার বাসায় অনুষ্ঠিত হতো এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত থাকতেন। তিনি বলেন, “জামায়াতের যখন বসার জায়গা ছিল না, তখন আমার বাসায় মিটিং হতো। সেই বন্ধুত্ব ভুলে ভুল কথা বলবেন না।” বরগুনা জেলায় কারা প্রকৃত পাকিস্তানপন্থী ছিলেন, তা এলাকার প্রবীণ ব্যক্তিরা ভালো করেই জানেন বলেও তিনি মন্তব্য করেন। নির্বাচনের ঠিক আগমুহূর্তে জামায়াত প্রার্থীর এমন আক্রমণাত্মক বক্তব্য জোটের রাজনীতিতে নতুন টানাপোড়েন তৈরি করল।