বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি ভিক্ষাবৃত্তির চেয়েও নিকৃষ্ট কাজ। জামায়াত নিজে কখনও চাঁদাবাজি করবে না এবং অন্য কাউকেও তা করতে দেবে না। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে ডা. শফিকুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, “দেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না। যারা জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হচ্ছে, ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে।”
জনসভায় জামায়াত আমির দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, নারীদের বাদ দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান ও ঘরে-বাইরে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কর্মজীবী নারীদের যাতায়াত সহজ করতে বিশেষ ‘ইভনিং বাস সার্ভিস’ চালু করার প্রতিশ্রুতিও দেন তিনি।
নির্বাচনী পরিবেশ নিয়ে সতর্কবার্তা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কেউ কেউ পরাজয়ের ভয়ে ভোট ইঞ্জিনিয়ারিং বা কারচুপির চেষ্টা করছে। জনমত উপেক্ষা করে কেউ বাঁকা পথে ক্ষমতায় আসার চেষ্টা করলে দেশে ‘আগুন জ্বলবে’ বলে হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে জামায়াতের ঢাকা মহানগরী ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতি ও শোষণমুক্ত নতুন বাংলাদেশ গড়তে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ও জুলাই সনদ বাস্তবায়নে সমর্থন চান।