স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছে যশোর জেলা প্রশাসন। রোববার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি জুয়েল হাসান সাদ্দামের পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট বা জেল কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো লিখিত আবেদন জমা পড়েনি। বরং সময় স্বল্পতার কারণে পরিবারের সদস্যরাই জেলগেটে মরদেহ দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রশাসন আরও স্পষ্ট করেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘আবেদন সত্ত্বেও মুক্তি না দেওয়ার’ বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। পরিবারের মৌখিক অনুরোধে মানবিক দিক বিবেচনা করে কারা ফটকেই স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার বিশেষ ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত শুক্রবার (২৩ জানুয়ারি) সাদ্দামের স্ত্রী স্বর্ণালী ও তাদের ৯ মাস বয়সী সন্তান নাজিমের মরদেহ উদ্ধার করা হয়। রাজনৈতিক মামলায় স্বামীর কারাবাস নিয়ে স্বর্ণালী দীর্ঘ দিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন বলে জানা গেছে। গত ১৫ ডিসেম্বর থেকে সাদ্দাম যশোর কারাগারে বন্দি রয়েছেন।