ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: নির্বাচন ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মিস কেট ওয়ার্ড।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের বিভিন্ন দিক এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে। এছাড়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াত আমিরের সঙ্গে দলীয় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

নির্বাচন কমিশন (ইসি) আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিদেশি কূটনীতিকদের এই তৎপরতা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।