ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিনসহ দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—চর শৈলাবাড়ী এলাকার ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) এবং সজিব সেখের মেয়ে সুমি খাতুন (২)। এই ঘটনায় সানজিদা খাতুন (৩) নামের আরও এক শিশু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সদর থানার ওসি (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, করোনাকালীন নির্মিত ওই বেসিনটির ওপর শিশুরা উঠে খেলাধুলা করার সময় নড়বড়ে দেয়ালটি ধসে পড়ে। ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুন খান জানান, নিহত দুই শিশুর পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ বিষয়টি অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করেছে।