ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি ও কর্মসংস্থান খাতে সংস্কারের প্রতিশ্রুতি তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় গেলে কৃষি, কর্মসংস্থান এবং ধর্মীয় শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এই রূপকল্প তুলে ধরেন।

তারেক রহমান বলেন, কৃষি খাতের উন্নয়নে সারা দেশে নদী ও জলাশয় সংস্কারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালু করা হবে। এছাড়া কৃষকদের সরাসরি সার, বীজ ও কীটনাশক সহায়তা নিশ্চিত করতে ‘কৃষি কার্ড’ এবং দুস্থ নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন তিনি।

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদক ব্যবসা ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। অপরাধী যে দলেরই হোক, দেশের প্রচলিত আইনে তার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি ইমাম, খতিব ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং হালাল উপার্জনের সুযোগ সৃষ্টির মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধির পরিকল্পনার কথা জানান।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তারেক রহমান ঢাকা ও নারায়ণগঞ্জ অঞ্চলের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তিনি তরুণদের জন্য আধুনিক কারিগরি শিক্ষা ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থান তৈরির ওপর গুরুত্বারোপ করেন।