আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৬ জানুয়ারি) সেনাসদরে তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। জনগণের আস্থার প্রতীক হিসেবে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণদের জন্য ভয়মুক্ত ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের ঐতিহাসিক দায়িত্ব।
মাঠপর্যায়ের দায়িত্ব পালনে অত্যন্ত সংযত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রতিটি সিদ্ধান্ত হতে হবে আইনসম্মত। সামান্য বিচ্যুতি যেন জনগণের আস্থাকে ক্ষুণ্ন না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা দিতে তিনি বাহিনীকে নির্দেশ দেন।
সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে ড. ইউনূস জানান, বাহিনীকে যুগোপযোগী করতে নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় সামরিক সরঞ্জাম উৎপাদনের কারখানা স্থাপনের কাজ চলমান রয়েছে। সভায় তিন বাহিনীর প্রধানসহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।