ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

শরীয়তপুরের ভেদরগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি মদ এবং মাদক সেবনের সরঞ্জামসহ আনোয়ার হোসেন (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পূর্ব গৈড্যা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভেদরগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর মো. রাহাত কবিরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৮ বোতল বিদেশি মদ, ৪টি খালি বোতল, ৪টি মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক আনোয়ার ওই এলাকার মৃত মতলব মুন্সির ছেলে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, আটক আনোয়ার হোসেন এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।