কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যকার সংঘর্ষের জেরে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া সংলগ্ন নাফ নদী সীমান্তে এই ঘটনা ঘটে।
আহতরা হলো—কানজর পাড়া এলাকার মোহাম্মদ সোহেল (১৩) ও ওবায়দ উল্লাহ (১৫)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় সীমান্তের ওপার থেকে আসা গুলি তাদের শরীরে লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি একই এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আরও এক বাংলাদেশি শিশু আহত হয়েছিল। নতুন এই ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।