ভারতে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আগামী মাসে শুরু হতে যাওয়া আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতায় সংক্রমণ শনাক্ত হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে এই বিশ্ব আসর শুরু হওয়ার কথা। টুর্নামেন্টের অন্যতম ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন্সে সেমিফাইনালসহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার কথা থাকলেও বর্তমানে সেখানকার স্বাস্থ্য পরিস্থিতি আয়োজকদের দুশ্চিন্তায় ফেলেছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৫ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে চিকিৎসক ও নার্স রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে আসায় শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নিপাহ একটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাইরাস, যার মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। বর্তমানে এই ভাইরাসের কোনো কার্যকর টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। প্রাদুর্ভাবের খবরে থাইল্যান্ড, নেপাল ও তাইওয়ানসহ বেশ কিছু দেশ ভারত থেকে আসা যাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা চালু করেছে।
এদিকে, সংক্রমণের বিস্তৃতি ঘটলে বিদেশি দলগুলোর নিরাপত্তা ও দর্শকদের উপস্থিতিতে কঠোর বিধিনিষেধ বা বায়োসিকিউরিটি প্রোটোকল আরোপের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। এমনকি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবিও উঠছে কোনো কোনো মহল থেকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।