জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগ যে পথে হেঁটে দিল্লি পালিয়েছে, বিএনপি সেই একই পথে হাঁটলে তাদেরও একই দশা হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউনহল মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, বিএনপি বর্তমানে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, এনসিপি তরুণদের ভাতার কার্ড দিয়ে পরনির্ভরশীল করতে চায় না, বরং তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চায়। নির্বাচন নিয়ে সতর্ক করে তিনি বলেন, পেশিশক্তি ও অগণতান্ত্রিক আচরণ অব্যাহত রাখলে আগামী নির্বাচনে বিএনপিকে ভূমিধস পরাজয় বরণ করতে হবে।
কুমিল্লাকে বিভাগ ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ এই অঞ্চলকে বঞ্চিত করে রেখেছে। এনসিপি নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে।
সম্প্রতি ছাত্রদল কর্তৃক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে এনসিপি মুখপাত্র বলেন, ফ্যাসিস্ট কায়দায় হামলা চালিয়ে কাউকে ছাড় পাওয়া যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে এসব রুখে দেওয়া হবে। এছাড়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের ফিরে আসার পথ চিরতরে বন্ধ করতে এর কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে আসিফ মাহমুদ কুমিল্লা-৬ আসনের জোট প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এবং কুমিল্লা-৮ আসনের শফিকুল আলম হেলালের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। সভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।