আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) ও দেশের গণমাধ্যম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের জোটগত প্রার্থী নাহিদ ইসলাম। বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশের বর্তমান নির্বাচনী পরিবেশে রাজনৈতিক সহাবস্থান নষ্ট হচ্ছে। গত মঙ্গলবার ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রার্থীদের শারীরিক হেনস্তা ও নারী কর্মীদের ওপর হামলার ঘটনা বাড়ছে। এভাবে চলতে থাকলে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা সম্ভব হবে না।
নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরে ১১ দলীয় জোটের এই প্রার্থী বলেন, ঢাকা-১১ আসনের বিভিন্ন এলাকায় খেলার মাঠ ও পার্ক দখল হয়ে গেছে। মাদকের বিস্তার ও চাঁদাবাজি সাধারণ মানুষের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, ভোটারদের মতামতের ভিত্তিতে এবং ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো বিবেচনা করে তাঁর নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করা হচ্ছে। বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে তিনি অগ্রাধিকার দেবেন।
দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে ‘ভারতীয় আধিপত্যবাদ’ থেকে মুক্ত করা এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করাই তাঁর জোটের মূল লক্ষ্য। এদিন তিনি বাড্ডা ও আশেপাশের আবাসিক এলাকায় জনসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, কোনো নির্দিষ্ট দলকে ভোট না দিলেও গণতন্ত্রের স্বার্থে এবং বিগত ১৬ বছরের অচলাবস্থা ভাঙতে গণভোটে যেন সবাই ‘হ্যাঁ’ ভোট প্রদান করেন। তিনি এলাকার সন্তান হিসেবে নিজের পক্ষে সমর্থন চান এবং দায়িত্বশীলতার সাথে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানান।