অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেছেন, রিপাবলিক গঠনে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত করতে হবে। সঙ্গীত ও চলচ্চিত্র একটি জাতির পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে। আমাদের সংস্কৃতিতে কোনো আপোষকামিতার স্থান নেই। শত শত বছর ধরে এই সংস্কৃতি জাতিকে সাহস যুগিয়েছে। এই লক্ষ্য সামনে রেখে এডাস্ট কালচারাল ক্লাব দেশকে এগিয়ে নিতে নিজস্ব সংস্কৃতির বাতিঘর হয়ে কাজ করবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘এডাস্ট কালচারাল সপ্তাহ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মোঃ কামরুজ্জামান লিটু এবং সম্মাননীয় অতিথি হিসেবে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোসা: কামরুন নেহার। তাঁরা বলেন, শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি জাতিগত ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ ও লালনে বড় ভূমিকা রাখে। সফল এই আয়োজনের জন্য কালচারাল ক্লাবের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।
অনুষ্ঠানের সমন্বয় ও পরিচালনা করেন কালচারাল ক্লাবের আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ্ আনওয়ারসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সমাপনী পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, একক ও দলীয় নৃত্য, গান ও অভিনয়সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা।