রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে প্লট বরাদ্দের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার ভাগ্নি ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও ভাগ্নি আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক মো. রবিউল আলম আলোচিত এই দুই মামলার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মামলার অন্য ১৪ আসামিকে ৫ বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে প্রভাব খাটিয়ে বোন শেখ রেহানার সন্তানদের নামে রাজউকের নিয়ম লঙ্ঘন করে ১০ কাঠা করে প্লট বরাদ্দের নির্দেশ দেন। এই প্রক্রিয়ায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সরাসরি প্রভাব বিস্তার করেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম জানান, গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান ও আফনান জান্নাত কেয়া বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। তদন্ত শেষে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
আদালত সূত্রে জানা যায়, পূর্বাচল প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে তথ্য গোপন করে এসব প্লট নেওয়া হয়েছিল। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার ও কাজী ওয়াছি উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিরা পলাতক ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।