মাদারীপুরের রাজৈরে মধু সংগ্রহের মৌচাকবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই মৌ-চাষী নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া গ্রামের আমজেদের ছেলে রানা (২৭) এবং একই উপজেলার সামর্থবাড়ী গ্রামের মুক্তারের ছেলে লিখন (১৮)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌ-চাষী রানা ও লিখন যশোর থেকে ট্রাকযোগে কয়েকশ মৌচাক নিয়ে মাদারীপুরের ঘটকচর এলাকায় যাচ্ছিলেন। ভোরে ট্রাকটি রাজৈর উপজেলার বড়ব্রিজ মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশের খাদে উল্টে পড়লে ঘটনাস্থলেই ওই দুই চাষীর মৃত্যু হয়। তবে ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যান।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।