ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৮ দিন বাকি থাকতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহে স্থানান্তরের পরামর্শ দেন। তবে ময়মনসিংহ শহরের ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি ঘটে এবং হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ দিন ধরে তিনি কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে।
নুরুজ্জামান বাদল শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে শোকের পাশাপাশি নির্বাচনী সমীকরণে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নির্বাচনী আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর এবং ভোটের আগে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করার বিধান রয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন পুনরায় তফসিল ঘোষণা করে ওই আসনে নতুন করে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে। শেরপুর-৩ আসনের ক্ষেত্রেও এই আইনি প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনো নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
উল্লেখ্য, এই আসনে নুরুজ্জামান বাদলের মৃত্যুতে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে যেমন শূন্যতা তৈরি হয়েছে, তেমনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণাতেও এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। এখন সবার নজর নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকে।