ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান। বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্পষ্ট করেছেন, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই তারা এই ‘কঠিন’ পদক্ষেপ নিয়েছেন। পাকিস্তান সরকার বা পিসিবির পক্ষ থেকে এই প্রথম ম্যাচ বর্জনের কারণ হিসেবে বাংলাদেশের নাম আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হলো।

শাহবাজ শরিফ বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তটি সুচিন্তিত। বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা মনে করি এটিই সঠিক সিদ্ধান্ত।” খেলাধুলার মাঠে রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধিতা করে তিনি আইসিসির বর্তমান অবস্থানের সমালোচনা করেন।

মূলত নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর থেকেই সংকটের সূত্রপাত। বিসিবি তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দিলেও আইসিসি বোর্ড তা ১৪-২ ভোটে নাকচ করে দেয়। পরিবর্তে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে মূল পর্বে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির এই ‘দ্বৈত নীতি’র প্রতিবাদে সরব হয়েছে পাকিস্তান।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এই পরিস্থিতিকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ক্রিকেটের বড় অংশীদার বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে। একটি দেশের জন্য নিয়ম আলাদা হতে পারে না। আইসিসি অবশ্য পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে দীর্ঘমেয়াদী আর্থিক ও বৈশ্বিক প্রভাব পড়তে পারে। ১৫ ফেব্রুয়ারির হাই-ভোল্টেজ ম্যাচটি বর্জন করলে বড় অঙ্কের জরিমানার ঝুঁকিতেও রয়েছে পাকিস্তান।

আইসিসি বোর্ড সভায় বাংলাদেশের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান এই অবস্থান নিলেও বৈশ্বিক ক্রিকেটে এর প্রভাব কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।