ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের গুলিতে আহত শিশু আফনানের মৃত্যু

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা সুলতানা আফনান মারা গেছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আফনানের মামা মাহফুজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১১ জানুয়ারি সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে শিশুটি গুরুতর আহত হয়েছিল।

আফনানের পরিবার জানায়, ঘটনার পর তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার প্রয়োজনে সেখান থেকে তাকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়ে আজ সকালে তার মৃত্যু হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত কয়েক মাস ধরে জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত তীব্রতর হয়েছে। মংডু টাউনশিপসহ সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে নিয়মিত বিমান হামলা, ড্রোন ও মর্টার শেল নিক্ষেপ করছে জান্তা বাহিনী। দুই পক্ষের এই সংঘাতের প্রভাবে বাংলাদেশের সীমান্তবর্তী জনপদগুলোতে প্রায়ই গোলা এসে পড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের চরম নিরাপত্তাহীনতায় ফেলেছে।