ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব দোকান ও বিপণিবিতান বন্ধ থাকবে। দোকান মালিকদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকাসহ সারা দেশের শপিংমল, বাণিজ্য বিতান ও ক্ষুদ্র দোকানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভা।
উল্লেখ্য, নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন আগে থেকেই সাধারণ ছুটির আওতায় রয়েছে। এ ছাড়া কলকারখানার শ্রমিকদের ভোটকেন্দ্রে যাওয়ার সুবিধার্থে ১০ ফেব্রুয়ারিও বিশেষ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।