ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিটি ইজারা বাতিলের দাবিতে অচল চট্টগ্রাম বন্দর, দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। আন্দোলনের মুখে বন্দরের জেটি, ইয়ার্ড ও বহির্নোঙরে পণ্য খালাসসহ সব ধরনের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।

রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অচল হয়ে পড়েছে দেশের প্রধান এই সমুদ্রবন্দর। সরেজমিনে দেখা গেছে, বন্দরের ৪ নম্বর গেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। বন্দরের ভেতরে কনটেইনার বা পণ্যবাহী যানের চলাচল নেই। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ ২০০ শ্রমিক-কর্মচারীকে জরুরি সভায় ডাকলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকনের অভিযোগ, ধর্মঘট বানচাল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিক নেতাদের হয়রানি করছে। তিনি দাবি করেন, শামসু মিয়া টুকু ও আবুল কালাম আজাদ নামে দুই শ্রমিক নেতাকে প্রশাসনের পরিচয় দিয়ে তুলে নেওয়া হয়েছে। ইব্রাহিম খোকন বলেন, “ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।”

পরিষদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং শ্রমিক নেতাদের নামে হয়রানিমূলক মামলা বন্ধ করা। এর আগে নৌ উপদেষ্টার আশ্বাসে গত শুক্র ও শনিবার আন্দোলন স্থগিত থাকলেও প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগে আজ থেকে ফের কঠোর কর্মসূচিতে গেছেন শ্রমিকরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম জানান, বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।