আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলছে সরকার। এর অংশ হিসেবে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে সারাদেশে মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। নির্বাচনের দিন এবং এর আগে-পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোটরসাইকেল ছাড়াও ভোটের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সিক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলো এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্বাচন কমিশন ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে সংবাদকর্মী, নির্বাচনী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জরুরি সেবার যানবাহনের ক্ষেত্রে এই নিয়ম শিথিলযোগ্য হবে। বিদেশগামী যাত্রী কিংবা বন্দর থেকে আসা জরুরি মালামাল পরিবহনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করা যাবে।
ইতোমধ্যে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানোর প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নির্দেশ অমান্য করে মোটরসাইকেল চালালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। ভোটারদের সুবিধার্থে সীমিত পরিসরে গণপরিবহন ও রিকশা চলাচলের সুযোগ থাকলেও ইঞ্জিনচালিত দুই চাকার বাহনটি সম্পূর্ণ নিষিদ্ধ থাকছে।