ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে সাত বছরের কারাদণ্ড: ইসির পরিপত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক করে নতুন পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এই নির্দেশনা অনুযায়ী, নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে হিসাব দাখিল করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ৪৪গ (১) অনুচ্ছেদ অনুযায়ী, বিজয়ী কিংবা পরাজিত—প্রত্যেক প্রার্থীকে নির্ধারিত ‘ফরম-২২’ ব্যবহার করে এফিডেভিটসহ ব্যয়ের বিবরণী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। এমনকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বা কোনো নির্বাচনী ব্যয় না হওয়া প্রার্থীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

কমিশন সচিবালয় জানায়, নির্বাচনী এজেন্ট নিয়োগ না করা প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজেই এজেন্ট হিসেবে গণ্য হবেন। ব্যয়ের রিটার্ন ও হলফনামার অনুলিপি রিটার্নিং কর্মকর্তার দপ্তরের পাশাপাশি রেজিস্টার্ড ডাকযোগে নির্বাচন কমিশন সচিবালয়েও পাঠাতে হবে।

আইন লঙ্ঘনের দায়ে আরপিও-র ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী ন্যূনতম দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না দিলে রিটার্নিং কর্মকর্তারা সরাসরি আইনি ব্যবস্থা নিতে পারবেন। এ ক্ষেত্রে কমিশনের পূর্বানুমতির প্রয়োজন হবে না।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী মামলা না থাকলে অপরাধ সংঘটনের ছয় মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। তবে হাইকোর্টে কোনো মামলা বিচারাধীন থাকলে আদালতের আদেশের তিন মাসের মধ্যে আইনি প্রক্রিয়া শুরু করার বাধ্যবাধকতা রয়েছে। দাখিল করা এসব নথি রিটার্নিং কর্মকর্তা এক বছর পর্যন্ত সংরক্ষণ করবেন।