ভোট দেওয়ার পর ব্যালট চুরির আশঙ্কা প্রকাশ করে নেতাকর্মী ও ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন, চূড়ান্ত ফলাফল হাতে না নিয়ে কেউ যেন ভোটকেন্দ্র ত্যাগ না করেন।
নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট নিয়ে আশাবাদ ব্যক্ত করে জামায়াত আমির বলেন, “আমরা বিশ্বাস করি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হবে। আর ‘হ্যাঁ’ জয়ী হওয়া মানেই বাংলাদেশের জয় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়ন।” তিনি আরও মন্তব্য করেন, এই জয় নিশ্চিত হলে আবরার ফাহাদ থেকে শুরু করে শরীফ ও ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।
বিগত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ২০০৮ সালের পর থেকে দেশে প্রকৃত জনমতের প্রতিফলন দেখা যায়নি। তবে এবার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নাড়ির টানে মানুষ গ্রামে ফিরছে ভোট দেওয়ার জন্য। তরুণ প্রজন্মের প্রতি আলোকপাত করে তিনি বলেন, যুবকরা কারও দয়া চায় না, তারা কর্মসংস্থান চায়। আমরা তাদের হাতেই আগামীর বাংলাদেশ তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা দেশের স্বার্থে ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করুন। জনগণের রায়ের সঠিক প্রতিফলন ঘটলে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক ধারায় প্রবেশ করবে। ১১ দলীয় জোট পরিবর্তনের পক্ষে অনড় রয়েছে বলেও সংবাদ সম্মেলনে পুনর্ব্যক্ত করেন তিনি।