ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরকে সব কমিটি প্রকাশের আহ্বান ছাত্রদল সভাপতির

বাংলাদেশে আর কোনো ‘গুপ্ত রাজনীতি’ চলবে না উল্লেখ করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সব স্তরের কমিটি প্রকাশের আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

রাকিবুল ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, ছাত্রশিবির তাদের নেতাকর্মীদের পরিচয় অপ্রকাশিত রেখে রাজনীতি করে। এর ফলে নেতাকর্মীদের ব্যক্তিগত বা সামাজিক সমস্যার দায় দলকে নিতে হয় না। তিনি এই পদ্ধতিকে ‘অপকৌশলের রাজনীতি’ হিসেবে অভিহিত করে বলেন, এ ধরনের চর্চার কারণে আলেম সমাজ তাদের সমালোচনা করে থাকে।

ছাত্রদল সভাপতির অভিযোগ, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যক্তিগত বা সামাজিক সমস্যা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ‘মব’ তৈরি করা হয় এবং শীর্ষ নেতৃত্বের নামে অশালীন স্লোগান দেওয়া হয়। এসব অপকর্মে সরাসরি অংশ না নিয়ে শিবির তাদের ‘বি’ ও ‘সি’ টিমকে কাজে লাগায় বলে দাবি করেন তিনি।

পোস্টের শেষ দিকে রাকিবুল ইসলাম জানান, নেতাকর্মীদের পরিচয় গোপন রেখে বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় করার এই ধারা আর চলতে দেওয়া হবে না। দ্রুতই এই বিষয়টি রাজনৈতিকভাবে সুরাহা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।