আগামী জাতীয় সংসদে ১১ দলীয় নির্বাচনী ঐক্য যৌথভাবে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
হামিদুর রহমান আজাদ বলেন, শুধু সংসদের ভেতরেই নয়, সংসদের বাইরেও ১১ দলীয় ঐক্য অটুট থাকবে এবং জনস্বার্থে সক্রিয় ভূমিকা পালন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জোট মোট ৭৭টি আসনে জয়লাভ করে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।
সংবাদ সম্মেলনে সংসদের উচ্চকক্ষে আসন বিন্যাস নিয়ে জোটের অবস্থান পরিষ্কার করা হয়। জামায়াত নেতারা জানান, সদ্য সমাপ্ত গণভোটের রায় অনুযায়ী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টন নিশ্চিত করতে হবে।
একই সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, ৩০টি আসনে পরিকল্পিতভাবে ভোট জালিয়াতি ও ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এসব আসনে ভোট পুনঃগণনা এবং গেজেট স্থগিতের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। এছাড়া নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে জোটের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জানান।