সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) দুটি ড্রোন দূতাবাস চত্বরে আঘাত হানলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই হামলার সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, রিয়াদের মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে ভবনের একটি অংশে ‘সামান্য অগ্নিকাণ্ড’ ও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
তাৎক্ষণিকভাবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হতাহতের ঘটনা নেই বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি কর্মকর্তাদের দাবির বিপরীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দূতাবাস থেকে আগুনের বিশাল শিখা বের হতে দেখা গেছে। ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি এই প্রতিবেদক।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সও একই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, রিয়াদের মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে মার্কিন বা সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।