ইরানের নতুন সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি। দেশটির বিশেষজ্ঞ পরিষদ (এসেম্বলি অব এক্সপার্টস) তাকে এই পদে নির্বাচিত করেছে।
দীর্ঘদিন পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় ছিলেন মোজতবা খামেনি। তিনি এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
মোজতবা খামেনি ১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে (আইআরজিসি) যোগ দেন এবং ইরান-ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশ নেন। নব্বইয়ের দশকের শেষে তিনি কোম শহরের সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে শিক্ষকতাও করেন।
তিনি দীর্ঘদিন ‘অফিস অব দ্য সুপ্রিম লিডার’-এর প্রভাবশালী নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন। বাবার দপ্তরে কাজ করার সুবাদে সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে তার শক্তিশালী যোগাযোগ গড়ে ওঠে। ইরানের ক্ষমতার অন্যতম কারিগর (পাওয়ার ব্রোকার) হিসেবে তাকে গণ্য করা হতো।
২০০৫ ও ২০০৯ সালের নির্বাচনে মাহমুদ আহমাদিনেজাদের বিজয়ে নেপথ্যে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ২০০৯ সালের নির্বাচন-পরবর্তী আন্দোলন এবং ২০২২ সালে জিনা মাহসা আমিনীর মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে কঠোরভাবে পরিচালনার ক্ষেত্রে তার সরাসরি সম্পৃক্ততার কথা বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এসেছে।
২০২২ সালের আগস্টে কোম সেমিনারের সাথে সংশ্লিষ্ট একটি মাধ্যম তাকে ‘আয়াতুল্লাহ’ উপাধিতে ভূষিত করে। একজন ধর্মীয় নেতা হিসেবে উচ্চতর পাণ্ডিত্য ও গ্রহণযোগ্যতা না থাকা সত্ত্বেও এই উপাধি ব্যবহারকে তার উত্তরসূরি হওয়ার পূর্বপ্রস্তুতি হিসেবেই বিবেচনা করা হয়েছিল।
বর্তমানে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি গভীর ভূ-রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া ইরানের নেতৃত্বের দায়িত্ব নিলেন। দীর্ঘদিন বাবার ছায়ায় পর্দার আড়ালে কাজ করলেও এখন থেকে প্রকাশ্যে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে।