শরীয়তপুরের নড়িয়া উপজেলার বহুল আলোচিত জয়নাল সরদার হত্যা মামলায় সুরেশ্বর দরবারের পীর তৌহিদুল হোসাইন শাহীন নূরী (৪৯) কে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে সুরেশ্বর দরবারের আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৪ অক্টোবর রাতে সুরেশ্বর দরবার শরীফ থেকে দরবারের ভক্ত জয়নাল সরদার নিখোঁজ হন। পরদিন বিকেলে নড়িয়া উপজেলার ঘরিষার ইউনিয়নের আটপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মেয়ে ঈশা আক্তার নড়িয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে জয়নাল সরদারের শরীরে নৃশংস যৌর নির্যাতন ও অঙ্গহানীর আলামত পাওয়া যায়।
তদন্তের অংশ হিসেবে দরবার শরীফের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ঘটনায় জড়িত দুইজনকে শনাক্ত করে পুলিশ। এর মধ্যে মো. রবিন শেখ (৩২) কে সম্প্রতি মুন্সিগঞ্জ জেলা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুরেশ্বর দরবারের পীর তৌহিদুল হোসাইন শাহীন নূরীকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করে আটক করা হয়।
নড়িয়া থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারের সময় তার আস্তানা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র, শটগানের খালি কার্তুজ, একাধিক হার্ডড্রাইভ, মোবাইল ফোন, ওয়াকিটকি সেট, ডিভিআরসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।