ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এক টাকাও দুর্নীতি করিনি, বিদেশে আমার কোনো বাড়ি নেই’: আসিফ নজরুল

সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্য কোনো দেশে তাঁর কোনো বাড়ি বা সম্পত্তি নেই। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন গুজবের প্রেক্ষিতে বুধবার (৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।

আসিফ নজরুল লেখেন, “আমেরিকায় আমার বাড়ি আছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। আমি চ্যালেঞ্জ করছি, কেউ প্রমাণ দিতে পারবে না। কারণ আমেরিকা কেন, বিশ্বের কোনো দেশেই আমার কোনো বাড়ি বা সম্পত্তি নেই।” তিনি আরও দাবি করেন, জীবনে তিনি কখনো ‘এক টাকাও’ দুর্নীতি করেননি এবং জ্ঞাতসারে কাউকে দুর্নীতি করতে দেননি।

স্বজনপ্রীতি ও এলাকাপ্রীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, উপদেষ্টা থাকাকালে প্রায় পাঁচ হাজার আইন কর্মকর্তা নিয়োগ দিলেও কোনো আত্মীয়কে সুবিধা দেননি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের উন্নয়ন এবং লালবাগ শাহী মসজিদের জন্য নিয়মানুগ সহযোগিতা ছাড়া ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে ক্ষমতার ব্যবহার করেননি বলে দাবি করেন। গুজব রটনাকারীদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে তিনি লেখেন, “চুরি করে বা অন্যের হক মেরে বেঁচে থাকার জন্য আমার জন্ম হয়নি।”