ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে দ্রুততম সময়ের মধ্যে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, ই-হেলথ কার্ডের মাধ্যমে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যগত তথ্যের ডিজিটাল ডেটাবেস তৈরি হবে, যা নির্ভুল চিকিৎসায় সহায়ক হবে। এছাড়া বৈঠকে সরকারি বিভিন্ন সংস্থা ও এলজিইডির প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোকে আধুনিক ক্লিনিকে রূপান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও জোরদার করতে বলেন। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দ্রুততম সময়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং শূন্য পদে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরুর তাগিদ দেওয়া হয়। বিশেষ করে দুর্গম এলাকায় চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত উপস্থিত ছিলেন।