ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে দস্যু আতঙ্কে জেলেরা: মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৪ জেলে

সুন্দরবনে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান কম্বিং অপারেশনের মধ্যেও বনদস্যুদের তৎপরতা থামছে না। বরং বিচ্ছিন্ন দস্যু দলগুলো একত্রিত হয়ে আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তাদের লক্ষ্য আইনশৃঙ্খলা বাহিনীকে মোকাবিলা করা এবং শুঁটকিপল্লীগুলোতে আবার বড় ধরনের হামলা চালানো।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি শুঁটকিপল্লীতে হামলার হুমকি দিয়ে মহাজনদের সতর্ক করেছে দস্যুরা। অপহৃত জেলেদের মুক্তিপণের পুরো অর্থ না পাওয়ায় তারা জেলে ও মহাজনদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছে। ফলে সুন্দরবনের দুবলার আলোরকোল, নারকেলবাড়িয়া ও শেলার চরের শুঁটকি উৎপাদন কেন্দ্রগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় হামলার আশঙ্কায় জেলে ও ব্যবসায়ীরা ভীতসন্ত্রস্ত দিন কাটাচ্ছেন।
বন বিভাগ ও শুঁটকি ব্যবসায়ী সূত্রে জানা গেছে, অপহরণের প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার (৩ মার্চ) মুক্তিপণ দিয়ে ১৪ জেলে ছাড়া পেয়েছেন। প্রত্যেক জেলের জন্য প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা করে দিতে হয়েছে। মুক্তি পাওয়া জেলেরা নারকেলবাড়িয়া ও শেলার চরের ব্যবসায়ী মিজান মালি, শাহিনুর মালি, হাবিব ও রবির অধীনে কাজ করতেন।
তবে এখনো আলোরকোল এলাকার রফিকুল ও খালেক মহাজনের ১২ জেলে দস্যুদের জিম্মিতে রয়েছেন বলে জানা গেছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাতে বনদস্যু করিম শরীফ বাহিনী পূর্ব সুন্দরবনের শেলার চর শুঁটকিপল্লীতে হানা দিয়ে একটি ট্রলারসহ ছয় জেলেকে অপহরণ করে। পরে ১৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ২০টি ট্রলার থেকে আরও ২০ জেলেকে অপহরণ করে জাহাঙ্গীর ও সুমন বাহিনীর সদস্যরা।
বুধবার (৪ মার্চ) বিকেলে শেলার চরের এক শুঁটকি ব্যবসায়ীর পাঠানো অডিও বার্তায় জানানো হয়, চার মহাজনের ১৪ জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনো দুই মহাজনের ১২ জেলে দস্যুদের জিম্মি করে রাখা হয়েছে।
অডিও বার্তায় দস্যুরা নতুন করে চাঁদার দাবি জানিয়ে বলেছে, শেলার চরের প্রতিটি জেলে ঘর থেকে এক লাখ টাকা করে দিতে হবে। ৫০টি ঘর থেকে মোট ৫০ লাখ টাকা আদায়ের দাবি করা হয়েছে। এছাড়া ২০টি ট্রলারের জন্য ট্রলারপ্রতি ৩ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। দাবি পূরণ না হলে শুঁটকিপল্লীতে বড় ধরনের হামলা চালানো হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
দুবলার চরের বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মিল্টন রায় বলেন, মোবাইল ফোনে মহাজনদের হুমকি দিয়ে দস্যুরা তাদের শক্তির জানান দিয়েছে। বিচ্ছিন্ন ছোট-বড় দস্যু দলগুলো নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে।
স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনে দস্যু নির্মূলে কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চললেও পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ এলাকায় তার তেমন প্রভাব পড়েনি। ফলে এ অঞ্চলটি দস্যুদের নিরাপদ আশ্রয়ে পরিণত হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিশেষ অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা ও বন কর্মকর্তারা।