ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরীয়তপুরে বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর সদর উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৫ মার্চ বিকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমেদ উসমানী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ দবির হোসেন শেখস। এছাড়াও ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দিন আহমেদ বলেন, বর্তমানে চাঁদাবাজি ও দখলবাজি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি দেশে ধর্ষণের ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে। অনেক ক্ষেত্রে ধর্ষণের পর ভুক্তভোগীকে হত্যা করা হচ্ছে, যা অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক। তিনি এসব অপরাধ বন্ধে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, তিন মাস সময় নিয়ে ‘জুলাই সনদ’ তৈরি করা হয়েছে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩টি দল স্বাক্ষর করেছে। এই সনদের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘হ্যাঁ’ ভোটে জয় এসেছে। তবে সরকার এখন সেই সনদকে পাশ কাটিয়ে চলছে বলে তিনি অভিযোগ করেন। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না হলে ২০২৪ সালের জুলাইয়ের মতো আরেকটি গণঅভ্যুত্থান ঘটতে পারে বলেও তিনি সতর্ক করেন।