ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা করে সাঁড়াশি অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীসহ সারাদেশে চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগি আসামিদের তালিকা তৈরি করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) দুপুরে ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দুটি সুনির্দিষ্ট অনুশাসন দেওয়া হয়েছে। প্রথমত, পেশাদার চাঁদাবাজদের একটি নির্ভুল তালিকা প্রস্তুত করে তাদের গ্রেফতার করা। দ্বিতীয়ত, যারা অস্ত্রধারী সন্ত্রাসী এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের স্বচ্ছ তালিকা প্রণয়ন করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, এই বিশেষ অভিযান ঢাকা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে পরিচালিত হবে। তালিকা প্রণয়ন ও অভিযান পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব গ্রাহ্য করা হবে না। অপরাধীদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘নির্মোহ’ অবস্থানে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনগণকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খুব দ্রুতই পরিকল্পনা অনুযায়ী দৃশ্যমান পরিবর্তন আসবে। এই শুদ্ধি অভিযানে তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় ডিএমপির শীর্ষ কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।