জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ মনোনীত হয়েছেন জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত। রাষ্ট্রীয় এই সর্বোচ্চ সম্মাননা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এই অর্জনকে দেশের কোটি কোটি দর্শকের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে হানিফ সংকেত কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এই অর্জন কেবল তার একার নয়; বরং দীর্ঘ সাংস্কৃতিক যাত্রায় যারা তাকে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, এটি তাদের সবার।
হানিফ সংকেত লিখেন, “সুস্থ সংস্কৃতিই পারে একটি সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই।” তিনি আরও উল্লেখ করেন যে, এই রাষ্ট্রীয় স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।
দীর্ঘ কয়েক দশক ধরে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে শেকড় সন্ধানী ও সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন হানিফ সংকেত। তার এই অনন্য অর্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।