পরিবহন মালিক বা শ্রমিক সমিতিগুলো যদি নিবন্ধিত হয়ে বৈধভাবে তাদের কল্যাণ তহবিলের জন্য অর্থ সংগ্রহ করে, তবে সেটিকে ‘চাঁদাবাজি’ বলা যাবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সচিবালয়ে ঈদযাত্রার প্রস্তুতি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই। তবে তিনি যুক্তি দেন যে, শ্রমিক ও মালিকেরা নিজেদের কল্যাণের জন্য সমঝোতার ভিত্তিতে নির্দিষ্ট হারে অর্থ তুলে থাকেন, যা দীর্ঘদিনের একটি ‘অলিখিত বিধির’ মতো।
সরকার চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে কি না—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, কোনো সংগঠনের বৈধতা না থাকলে এবং তারা স্বেচ্ছাচারীভাবে অর্থ আদায় করলে তা অবশ্যই চাঁদাবাজি হিসেবে গণ্য হবে। এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনেও তিনি একই অবস্থান ব্যক্ত করেছিলেন। তখন তিনি বলেছিলেন, চাঁদা তখনই বলা যায় যখন কাউকে দিতে বাধ্য করা হয়। মালিক-শ্রমিকরা নিজেদের প্রয়োজনে টাকা তুললে সেটিকে তিনি ‘চাঁদা’ হিসেবে দেখতে নারাজ।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ছাড়বেন প্রায় দেড় কোটি মানুষ। এই বিশাল জনস্রোতের ঈদযাত্রা নিরাপদ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মন্ত্রী। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বয় করে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে তৎপর থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।