ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে আবারও জেলে অপহরণ, মুক্তিপণ দাবিতে সক্রিয় বনদস্যু চক্র

সুন্দরবনে থামছেই না জেলে অপহরণের ঘটনা। আবারও মুক্তিপণের দাবিতে তিন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। এতে করে বনাঞ্চলে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনাঞ্চলে অভিযান চালিয়ে দুর্ধর্ষ করিম শরীফ বাহিনীর সদস্যরা তিন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন রায়হান (২২) ও সুমন (২৪)। তাদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়। অপর জেলের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে অপহরণের প্রায় তিন সপ্তাহ পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন ১৪ জেলে। সুন্দরবনের শেলার চর শুঁটকি পল্লীর চার মহাজনের অধীনে কাজ করা এসব জেলেকে দস্যুরা মুক্তি দিয়েছে। তবে এখনো দুই মহাজনের আরও ১২ জেলে বনদস্যুদের কাছে জিম্মি অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

সুন্দরবনের শুটকি জেলে পল্লী শেলার চরের মৎস্য ব্যবসায়ী আরিফ হোসেন মিঠু বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে জানান, অপহৃত প্রতিটি জেলেকে মুক্ত করতে বনদস্যুদের ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ দিতে হয়েছে।
তিনি আরও জানান, গত ১২ ফেব্রুয়ারি রাতে পূর্ব সুন্দরবনের শেলার চর শুঁটকি পল্লীতে হানা দিয়ে করিম শরীফ বাহিনী একটি ট্রলারসহ ৬ জেলেকে অপহরণ করে। এরপর ১৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর ও সুমন বাহিনীর সদস্যরা ২০টি ট্রলার থেকে আরও ২০ জেলেকে অপহরণ করে। এদের মধ্যে ১৪ জন ইতোমধ্যে মুক্তি পেলেও বাকিরা এখনো জিম্মি রয়েছে।

এদিকে সুন্দরবনে বনদস্যু নির্মূলে কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চললেও শরণখোলা রেঞ্জ এলাকায় এর তেমন প্রভাব পড়েনি বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এ এলাকার বনাঞ্চল এখনো দস্যুদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

অন্যদিকে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মৎস্য ব্যবসায়ী ফিরোজ হাওলাদার বাদী হয়ে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরকে প্রধান আসামি করে শরণখোলা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।

স্থানীয় জেলেরা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে সুন্দরবনে নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।