ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩

নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকায় একটি আবাসিক ভবনের নিচতলায় তিতাস গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে আরমান মিয়ার মালিকানাধীন তিনতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে। এতে এক ব্যবসায়ী ও তার কর্মচারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন— ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন এবং ভবনের ভাড়াটিয়া ছগির। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে শিপন ও লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ভবনের নিচতলার একপাশে ঝুটের গুদাম এবং অন্যপাশে রান্নাঘরসহ বসতি রয়েছে। সন্ধ্যার পর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে নিচতলার দেয়ালের একাংশ ধসে পড়ে এবং দরজা-জানালা চুরমার হয়ে যায়। ভাগ্যক্রমে বিস্ফোরণের পর আগুন ধরে না যাওয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন ভবনবাসী।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে নিচতলায় গ্যাস জমে ছিল। সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটে। এলাকায় গ্যাসের ঘনত্ব অস্বাভাবিক বেশি ছিল। ভবনটি বর্তমানে বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ কি না, তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।