পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্যা বাসস্ট্যান্ড সংলগ্ন দারুস সামাদ তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে ইফতারের আগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দারুস সামাদ তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন ঝন্টু সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত তুলে ধরেন। তারা বলেন, কুরআনের শিক্ষায় শিক্ষিত হাফেজ গড়ে তোলার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি সমাজে দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
আলোচনা শেষে মরহুম সামাদ সিকদার, মিরাজ সিকদার ব্লু এবং সিকদার পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে সমাজসেবক আবুল কাসেম সিকদারের সুস্থতা কামনা করা হয়। এছাড়া দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও দোয়া করা হয়।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং সবাই সম্মিলিতভাবে ইফতার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সামাদ ইসলামী একাডেমি ও দারুস সামাদ তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন ঝন্টু সিকদার, সমাজসেবক আবুল কাসেম সিকদার, আব্দুর রহমান বাবলু সিকদার, সভাপতি জামাল সিকদার মিথুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা মাদ্রাসার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।