ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনস্বার্থ উপেক্ষা করে ইউএনওর বাসভবনে পৌরসভার ওয়াকওয়ে নির্মাণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌরসভার উন্নয়ন প্রকল্পের টাকা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন সংলগ্ন বাগানে ওয়াকওয়ে নির্মাণের অভিযোগ উঠেছে। এডিবির অর্থায়নে প্রায় ৫ লাখ টাকার এই প্রকল্পটি ইউএনওর ব্যক্তিগত ব্যবহারের জায়গায় বাস্তবায়িত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ‘উপজেলা বাগানে ওয়াকওয়ে নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ৫ লাখ ৫ হাজার ৫০৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে ইউএনওর বাসভবন সংলগ্ন বাগান এলাকায় ৫০০ মিটার দৈর্ঘ্যের সিমেন্টের ব্লক বসানো পথ তৈরি করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে দেবীগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন খোদ ইউএনও মাহমুদুল হাসান। তার অনুমোদনেই প্রকল্পটি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে।

পৌরবাসীর অভিযোগ, যেখানে শহরের অসংখ্য রাস্তা ভাঙাচোরা এবং ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, সেখানে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয় এমন জায়গায় সরকারি অর্থ ব্যয় করা হয়েছে। স্থানীয় বাসিন্দা মাসুদ পারভেজ বলেন, “পৌরসভার টাকা দিয়ে বাগান সাজানো হয়েছে যা সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না। এটি জনস্বার্থের পরিপন্থী।”

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দেবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. ওয়াসিম আকরাম বলেন, জনগণের করের টাকা এমন খাতে ব্যয় হওয়া উচিত যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়। প্রশাসনিক বাসভবনের ভেতরে উন্নয়ন কাজ করা স্বচ্ছতা ও জবাবদিহিতার লঙ্ঘন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউএনও ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান এশিয়া পোস্টকে বলেন, “এটা তো আমার ব্যক্তিগত বাসা নয়, এটি উপজেলা পরিষদের। যারা অভিযোগ করছেন তাদের জিজ্ঞেস করেন আমি কি উপজেলা পরিষদ নিজের নামে লিখে নিয়েছি?”

উল্লেখ্য, এর আগে টিআর প্রকল্পের বরাদ্দ দিয়ে সরকারি অফিসের জন্য কম্পিউটার কেনার অনিয়মের অভিযোগ উঠেছিল এই কর্মকর্তার বিরুদ্ধে, যা গণমাধ্যমে প্রকাশের পর বাতিল করা হয়।