লক্ষ্মীপুরের রায়পুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে জনসম্মুখে ও ঘরে অমানুষিক নির্যাতনের অভিযোগে সোহাগ মাঝি (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তাকে আটক করা হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট এলাকায়। অভিযুক্ত সোহাগ ওই এলাকার জব্বার মাঝির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিয়ে করার পর থেকেই প্রথম স্ত্রী সুমি আক্তারের ওপর নির্যাতন শুরু করেন সোহাগ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোহাগ অত্যন্ত নির্দয়ভাবে সুমিকে মারধর ও লাঞ্ছিত করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকাবাসী ও নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
বর্তমানে নির্যাতিতা সুমি আক্তার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, ইউএনও মেহেদী হাসান কাউছারের নির্দেশে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভুক্তভোগী নারী মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।