শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এক চেয়ারম্যান পদপ্রার্থীর অভিনব প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ছাপানো একটি পোস্টারে বাংলাদেশের রাজনীতির তিন প্রধান ব্যক্তিত্ব—শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ছবি একসঙ্গে ব্যবহার করেছেন ফাহিম হাসান রনি মাঝি নামে এক প্রার্থী।
নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রনি মাঝি নিজেকে এবার ‘নির্দলীয় ও নিরপেক্ষ’ প্রার্থী হিসেবে দাবি করছেন। তার পোস্টারের বাম পাশে শেখ মুজিবুর রহমান এবং ডান পাশে জিয়াউর রহমানের ছবির মাঝখানে স্থান পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি। পোস্টারের নিচে তিনি নিজেকে জনসেবায় নিবেদিত এক নিরপেক্ষ প্রার্থী হিসেবে তুলে ধরেছেন।
এমন ব্যতিক্রমী প্রচারণার বিষয়ে রনি মাঝি বলেন, “শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা যুদ্ধের অবদান এবং জিয়াউর রহমানের অবদান—উভয়ই অনস্বীকার্য। তাদের কাউকেই অস্বীকার করার সুযোগ নেই। আর তারেক রহমান বর্তমানে দেশের প্রধানমন্ত্রী, তাকে সম্মান জানানো আমাদের দায়িত্ব।” স্থানীয় রাজনৈতিক মহলে এই পোস্টার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও সাধারণ ভোটারদের মধ্যে এটি কৌতূহল সৃষ্টি করেছে। কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ একে উদার রাজনীতির উদাহরণ হিসেবে বর্ণনা করছেন।