ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই ইরান যুদ্ধের সমাপ্তি: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি টানার বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রবিবার (৮ মার্চ) এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সোমবার (৯ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, যুদ্ধ বন্ধের সিদ্ধান্তটি কোনো একক পক্ষ নেবে না, বরং এটি একটি ‘যৌথ’ পদক্ষেপ হবে। নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে সঠিক সময়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি এবং নেতানিয়াহু নেতৃত্বে না থাকলে ইরান এতক্ষণে ইসরায়েলকে ধ্বংস করে দিত। তিনি বলেন, “ইরান ইসরায়েল এবং এর চারপাশের সবকিছু মুছে দিতে চেয়েছিল। আমাদের যৌথ পদক্ষেপের কারণেই তারা এখন অস্তিত্ব সংকটে পড়েছে।”

যুক্তরাষ্ট্র এককভাবে আক্রমণ বন্ধের সিদ্ধান্ত নিলে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধ চালিয়ে যাবে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প। তবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এ ধরনের পরিস্থিতির প্রয়োজন পড়বে বলে তিনি মনে করেন না।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্য সংকটে ইসরায়েলের ওপর ওয়াশিংটনের প্রভাব এবং নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের গভীর আস্থারই প্রতিফলন। বর্তমান সামরিক অভিযানের মাধ্যমে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।