উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন—এমনটি ভেবে টানা এক বছর প্রস্তুতি নিয়েছেন তৌহিদ মিয়া। পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করতে কলেজে গিয়ে টাকা জমা দেওয়ার সময় জানতে পারেন, তিনি আসলে গত বছরই পাস করেছেন। রোববার (৮ মার্চ) ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।
তৌহিদ মিয়া জানান, গত বছর ওই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার পর অনলাইন ফলাফলে তিনি এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন বলে দেখতে পান। এরপর মানসিকভাবে ভেঙে পড়লেও নতুন উদ্যমে এক বছর পড়াশোনা চালিয়ে যান। রোববার পরিবারের কাছ থেকে ফরম পূরণের টাকা নিয়ে কলেজে গিয়ে অফিস সহকারী হেলাল উদ্দিনের কাছে তথ্য যাচাই করতে গেলে বেরিয়ে আসে আসল ঘটনা। নথিপত্র ঘেঁটে দেখা যায়, তৌহিদের নামে পাসের মূল সার্টিফিকেট অনেক আগেই ইস্যু হয়ে পড়ে আছে।
অফিস সহকারী হেলাল মিয়া জানান, তৌহিদ ফরম পূরণ করতে এলে দৈবক্রমে তার নথিপত্র চেক করার সময় পাসের মূল সনদটি খুঁজে পাওয়া যায়। এ খবরে শিক্ষার্থী তৌহিদ ও তার পরিবারে বইছে আনন্দের বন্যা।
মুশুলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থী নিজের অজান্তেই এক বছর লস দিলেও শেষ পর্যন্ত পাস করার খবরটি আমাদের সবাইকে আনন্দিত করেছে। অনলাইনের যান্ত্রিক ত্রুটি বা দেখার ভুলের কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।