ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলা ও শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টায় ওয়াশিংটন-তেল আবিবকে বেইজিংয়ের হুঁশিয়ারি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র সমালোচনা করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে চীন। তেহরানে শাসনব্যবস্থা পরিবর্তনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার (৮ মার্চ) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান জানান।

ওয়াং ই বলেন, সামরিক শক্তি প্রয়োগ করে বর্তমান সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। সংঘাতের পথ পরিহার করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফেরার তাগিদ দিয়ে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি ‘জোর যার মুল্লুক তার’—এমন মধ্যযুগীয় নীতিতে ফিরে যেতে পারে না।

ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, তথাকথিত ‘রঙিন বিপ্লব’ বা শাসনব্যবস্থা পরিবর্তনের কোনো জনসমর্থন ইরানে নেই। দীর্ঘস্থায়ী শান্তির জন্য কূটনৈতিক সংলাপই একমাত্র পথ। তিনি আরও যোগ করেন, মধ্যপ্রাচ্যের প্রকৃত মালিক সেখানকার জনগণ। তাই বাইরের হস্তক্ষেপ ছাড়া তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত।

এদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনটেলিজেন্স কাউন্সিলের এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়েছে, বড় ধরনের সামরিক হামলার পরও ইরানের বর্তমান সামরিক ও ধর্মীয় শাসন কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা ক্ষীণ। চীন এই অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত বিশেষ দূত পাঠানোর ঘোষণাও দিয়েছে।