ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যা: ভারতে গ্রেপ্তার আসামিদের দ্রুত ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ) পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এ তথ্য নিশ্চিত করেন।

আইজিপি জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই অভিযুক্তকে ফিরিয়ে আনতে কাজ চলছে এবং অচিরেই তাদের বাংলাদেশে নিয়ে আসা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাকে নিজের প্রধান অঙ্গীকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজ ও মাদক কারবারিদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। ইতোমধ্যে অপরাধীদের তালিকা তৈরি করা হয়েছে।

এ সময় আইজিপি প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন সেন্টার’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। তিনি পুলিশ সদস্যদের অতিউৎসাহী ভূমিকা পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে বলেন, পদোন্নতি বা পদায়নে কোনো ধরনের স্বজনপ্রীতি সহ্য করা হবে না। পুলিশের ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি মন্তব্য করেন, “দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।”

এছাড়া দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করেন আইজিপি। পুলিশের বর্তমান পোশাক পরিবর্তনের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও তিনি জানান।