সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বগুড়া জেলা ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন পর্যায়ের মোট ১ হাজার ১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত রবিবার (৮ মার্চ) রাতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। মূলত মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে।
বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিলুপ্ত ঘোষিত কমিটিগুলোর মধ্যে জেলার ১২টি উপজেলার ১০৮টি ইউনিয়ন কমিটি এবং এসব ইউনিয়নের অধীনে থাকা ৯৭২টি ওয়ার্ড কমিটি অন্তর্ভুক্ত। এছাড়া ১২টি পৌরসভার ১০৮টি ওয়ার্ড কমিটিও এই আদেশের আওতায় বিলুপ্ত হয়েছে।
জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান জানান, সাংগঠনিক স্থবিরতা কাটাতে এবং নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ১২টি পৌর কমিটি এবং বগুড়া সদর পৌরসভার সব ওয়ার্ড কমিটি বর্তমানে বহাল রয়েছে। খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে এসব ইউনিটে নতুন ও শক্তিশালী কমিটি গঠন করা হবে বলে জেলা শাখা সূত্রে জানা গেছে।