বান্দরবানে কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। এখন থেকে রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় পাওয়া গেলে সরাসরি আইনি বিচারের মুখোমুখি করা হবে। রোববার (৮ মার্চ) রাতে শহরের থানচি বাস স্টেশন এলাকায় পুলিশের এক জনসচেতনতামূলক কার্যক্রমে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবদুর রহমান এই হুঁশিয়ারি দেন।
পুলিশ সুপার জানান, বর্তমানে পবিত্র রমজান মাসে তারাবি নামাজের কথা বিবেচনায় রেখে নামাজ শেষ হওয়ার পর ৩০ মিনিট পর্যন্ত সময় দেওয়া হবে। এরপর কোনো কিশোরকে অকারণে বাইরে পাওয়া গেলে তাদের আটক করে যথাযথ আইনি প্রক্রিয়ায় সোপর্দ করা হবে।
কিশোরদের ভবিষ্যতের কথা উল্লেখ করে এসপি বলেন, “লেখাপড়া করে নিজেকে গড়ার এখনই সুবর্ণ সময়। অটোপাসের কোনো সম্ভাবনা আর নেই, তাই পড়াশোনা করেই পাস করতে হবে।” কিশোরদের ভুল পথে যাওয়া রোধ করতে অভিভাবকদের সরাসরি দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং রাত ১০টার মধ্যে বাড়ি ফিরছে কি না—সেদিকে কড়া নজর রাখতে হবে। কোনো সন্তান নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি না ফিরলে অবিলম্বে থানায় যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বান্দরবানে কিশোর গ্যাং কালচার রুখতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কাউকে ছাড় দেওয়া হবে না।