শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আশিনগর ইউনিয়নে ক্ষতিকর কেমিক্যাল ও রং ব্যবহার করে অবৈধভাবে শিশুখাদ্য তৈরির দায়ে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) রাতে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভেদরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষ। নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য অভিযানে সার্বিক সমন্বয় করেন। স্থানীয় সূত্রে জানা যায়, আশিনগর এলাকায় কোনো ধরনের সরকারি অনুমোদন বা বিএসটিআই (BSTI) সনদ ছাড়াই আইস ললি, চকলেটসহ বিভিন্ন শিশুখাদ্য তৈরি করা হচ্ছিল। এসব খাদ্যে মানবদেহের জন্য চরম ক্ষতিকর রং ও রাসায়নিক মেশানোর অভিযোগ ছিল দীর্ঘদিনের।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষ জানান, বিএসটিআই-এর ছাড়পত্র বা বৈধ কোনো নথিপত্র ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে এসব পণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছিল। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে ভেদরগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এইচ এম আকতার এবং আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন। শিশুদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।