ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় আমরা বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনকালীন প্রতিশ্রুতি থেকে সরকার বিন্দুমাত্র বিচ্যুত হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলটিং পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশে জনগণের প্রতিনিধিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগের বাস্তবায়ন শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের অর্থনৈতিকভাবে সচ্ছল ও ক্ষমতায়িত না করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

তারেক রহমান আরও জানান, ফ্যামিলি কার্ডের এই পাইলট প্রজেক্টের আওতায় বর্তমানে ৩৭ হাজার নারী অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তি এলাকার প্রায় ১৫ হাজার নারীকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারকে এই কার্ডের আওতায় নিয়ে আসার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে সরকারের।

কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাস থেকেই কৃষকদের মাঝে ‘কৃষি কার্ড’ বিতরণ শুরু হবে। এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, গত সপ্তাহেই তা কার্যকর করা হয়েছে বলে তিনি জানান। জনগণের কাছে দায়বদ্ধ থেকে একটি দায়িত্বশীল সরকার হিসেবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।